কবিতার কষাঘাত / বাণীপ্রসাদ মুখোপাধ্যায়
(পুরানো ডাইরি থেকে-১৯৯৩)
তোমার দেওয়া ফেনিল যন্ত্রণায়
কেটে যায় বেলা সকাল দুপুর রাত,
ছন্দ আমার সম্ভোগ ক’রে হৃদয়ে
ফোটায় নিমেষে অঢেল উল্কাপাত।
গুছিয়ে দেওয়া অতীতের কাঁদা-হাসা
সঞ্চয় করে মৌলিক মূলধন,
কাগজ কলমে জড়ো করে ডাল পালা
গড়েছি আমার স্বপ্নের তপোবন।
তোমার দেওয়া চোখের পূর্বাভাস
বুঝিনি আমি দিয়েছে সাগর পারি
পেয়েছি ঝঞ্ঝা, দু-কুল ছাপানো ঢেউ
সম্বল শুধু কাব্যের তরবারি।
তোমার জ্বালানো আগুনের মিঠে তাপে
ঝলসানো মন বিরহে সন্নিপাত
গোধূলি লগনে হৃদয়ের শ্বাস রোধে
গর্বিত হয় কবিতার কষাঘাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন