শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১২


বদলায়নি / বাণী প্রসাদ মুখোপাধ্যায়

ভাবিনি তোমাকে এইভাবে ফিরে পাব
যেমন দেখেছি দশটা বছর আগে,
একই রয়েছে তোমার শিকারি চোখ
মায়া জালে ঘেরা, উত্তাপ ঘোর মাঘে।
পুরানো সে দুল পরে আছ আজো কানে
রক্তাভ ঠোঁটে নেশা-ধরা সেই দীপ্তি,
এককাল পরে তবু শরীরের ঢেউ
ক্লান্তি ঝেড়ে হৃদয়ে বোলায় তৃপ্তি।
চুলের বন্যা একই ভাবে উথলায়
ভেবেছি কপালে সিঁদুরের রেখা থাকবে,
কোর্ট-টাই পরা কোনও সে ভদ্রলোক
হাতে ছেলে ধরে চেনা নাম ধরে ডাকবে!


বদলেছি আমি বদলেছে কত দৃশ্য
আজ মনে পড়ে সেই সেদিনের ‘কবি’
অনুনয় করে আদায় সে মূহুর্ত
একদিন ভুলে খোওয়া গেল সেই ‘ছবি’।
হঠাৎ পুরানো খাতার ফসিলে রাখা
পুরানো দিনের নির্জীব হাতে পাই,
জানি জানি তুমি বদলেছ দিনে দিনে
ছবি হাতে নিয়ে অতীতের পানে চাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন