শুক্রবার, ৩ আগস্ট, ২০১২



প্রেম তাই হয়ে প্রেম খেলা

বাণীপ্রসাদ মুখোপাধ্যায়

স্বাগতম, নাকি কুকুর হতে সাবধান
বোঝার উপায় নেই দেখে
সমাধান হয়ে যায় দরজা খুলতেই
কলিংবেলেতে হাত রেখে
আলু-থালু পোশাক
গালেতে হলুদ মাখা
চুলেতে দাঁতের ব্রাশ গোঁজা
যতদূর চোখ যায়
ছড়িয়ে ছিটিয়ে আছে
চেনা শিশি, জামা, প্যান্ট, মোজা
কি চাই কাকে চাই ?
উনি ঘরেতে নাই!
পাবেন ওনার দেখা মোড়ে
হঠাৎ চমক লাগে
বিশ্বাস দোল খায়
ফেলে আসা কথা মনে পড়ে
বুক চাপে কান্নায়
চোখের চাহনি কাঁপে
অভিমান ঝাপটায় ডানা
কঠোর বাস্তব
হাতে পায়ে বেড়ি লাগে
চেনা চেনা কত না অচেনা
নামিয়ে কাঁধের ঝোলা
স্থির চোখ, বোবা মুখ
না না মানে এই যে সাবান
দেখুন প্যাকেট খুলে
গন্ধটা অদ্ভুত
তত ফেনা যত নয় চান
স্তম্ভিত ফিরে পেয়ে
মুখেতে আবীর ছটা
খসে পড়ে খোঁপা বাঁধা চুল
চোখে জল উথলায়
ঠোটে ভাসে কম্পন
ভেঙে যায় অচেনার ভুল
চোখে রঙ বদলায়
আলজিভ হোঁচট খায়
দুজনায় দুজনাকে খোঁজা
দুই চোখে অভিমান
আমি নয় তুমি ভুল
যাতে এই দূরত্ব, যাতে এই বোঝা
কুশল পর্ব চলে কে কেমন, কে কোথায়
জীবনের হাল লেন-দেনা
শিক্ষিত সেল্সবয়, সুখ হারা পত্নী
সব যেন হয়ে ভর্ৎসনা ......

একে অপরের কাছে
অচেনাই রয়ে যাবে
দুজনেই ভুল পথে চলা
সহযোগে ভাটা ছিল
অতীতের ইতিহাসে
প্রেম তাই হয়ে প্রেম খেলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন